নারায়াণগঞ্জ

বেয়াদবের বাচ্চা’ বলে সাংবাদিককে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নওরোজ পত্রিকার প্রতিনিধি নাজমুল হোসেনকে প্রকাশ্যে বেয়াদবের বাচ্চা বলে গালিগালাজ ও হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রূপগঞ্জের দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নানা অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ জুলাই) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

অভিযুক্ত হরিকান্ত সরকার দীপক হলেন রূপগঞ্জের দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী নাজমুল হোসেন দৈনিক নওরোজ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি।

ওই ভিডিওতে দেখা যায়, স্কুলের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক উত্তেজিত হয়ে সাংবাদিককে বেয়াদবের বাচ্চা বলে গালি দিয়ে তাকে চড়-থাপ্পর মারতে উদ্যত হন। এ সময় ওই শিক্ষক সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘চটকাইয়া (চড় দিয়ে) দাঁত ফালাইয়া দিবো বেয়াদবের বাচ্চা। তুমি কিসের সাংবাদিক। চটকাইয়া দাঁত ফালাইয়া দিবো বেয়াদব।’ এ সময় ওই সাংবাদিক তার কাছে দেরিতে স্কুলের আসার কারণ জানতে চাইলে তিনি নানা টালবাহানা করেন। এ নিয়ে তাদের মধ্যে দফায় দফায় উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই দুপুরে দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে স্কুলের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক উত্তেজিত হয়ে নওরোজ পত্রিকার সাংবাদিক নাজমুল হোসেন কে গালিগালাজ করে। এক পর্যায়ে সাংবাদিকের উপর মারধর করার চেষ্টা করে ও লাঞ্ছিত করে। পরে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হোসেন বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই শিক্ষক আমার উপর চড়াও হয়। স্কুল শিক্ষক প্রকাশ্যে আমাকে চড়-থাপ্পর মারতে চেয়েছেন এবং গালিগালাজ করেছেন ও হুমকি দিয়েছেন। পরে বাধ্য হয়ে সংবাদ সংগ্রহ না করেই স্কুল ত্যাগ করেছি। এ ঘটনার থানায় সাধারণ ডায়েরী করেছি।

অভিযুক্ত প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক বলেন, ‘নাজমুল কবে থেকে সাংবাদিক হলো । সে আমার এলাকার ছেলে।’ তবে সাংবাদিককে গালিগালাজ ও মারধর করার চেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদোত্তর দিতে পারেননি। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিক একটি সাধারণ ডায়েরী করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম বলেন, ভিডিওটা আমি দেখেছি। একজন সরকারী কর্মকর্তা এ ধরনের কাজ করতে পারেনা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com