রাজনীতি

বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অস্থায়ী অফিসের ভাড়ার টাকা চাওয়ায় জাহাঙ্গীর হোসেন(৫৭) নামের একজন দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। দোকান ভাড়া নিয়ে অস্থায়ীভাবে ৭ নং ওয়ার্ড বিএনপির কার্যক্রম চালালেও ভাড়ার টাকা না দেয়ায় এ ঘটনা ঘটে।

বুধবার (৩০ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজা‌রে এ ঘটনা ঘটে।

নিহ‌ত জাহাঙ্গীর হো‌সেন ওই এলাকার তা‌লেব আলীর ছে‌লে ও পেশায় একজন ক্ষুদ্র ব‌্যবসা‌য়ি। সালমদী বাজা‌রে তার এক‌টি ম‌ু‌দি দোকান সহ ৪টি দোকান র‌য়ে‌ছে।

অভিযুক্ত মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ তার অনুসারীরা সবাই বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী।

নিহ‌তের ছে‌লে রা‌সেল হোসেন বলেন, গত ৫ আগ‌স্টের পর বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসা‌রি ও মাহমুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে ৩০ হাজার টাকা ভাড়ায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে বিএন‌পির কার্যালয় ( মাহমুদনগর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি) স্থাপন ক‌রেন। বা‌কি ২‌টি দোকা‌নের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকান‌টি‌তে বিএন‌পির কার্যালয় স্থাপন করেছেন সেই ভাড়ার ১০ হাজার টাকা প‌রি‌শোধ কর‌ছি‌লেন না। এ নিয়ে বিরোধ তৈরি হয়।

তিনি আরও বলেন, বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে তার বাবা জাহাঙ্গীর হো‌সেন ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। ভাড়া চাইলে তোতা মেম্বার টালবাহানা শুরু ক‌রে। ওই সময় উভ‌য়ের ম‌ধ্যে বাগ‌বিতন্ডা হয়। এক পর্যা‌য়ে তোতা মেম্বার জাহাঙ্গীর‌কে চড় দেয়। এ খবর পে‌য়ে তোতা মেম্বা‌রের ছে‌লে খোকন, রা‌সেল, ভা‌তিজা সাদ্দাম, আলমসহ আরও ক‌য়েকজন তার বাবা‌কে বিএন‌পি কার্যাল‌য়েব ভেত‌রেই এলোপাতা‌ড়ি মারধর ক‌রে। এতে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। 

এ ঘটনার পর থে‌কে বিএন‌পি নেতা তোতা মেম্বার ও তার অনুসা‌রিরা আত্ম‌গোপ‌নে চ‌লে যান। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘ নিহত জাহাঙ্গীরের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে বিএনপির পার্টি অফিস বানিয়েছিল সুমন অনুসারী তোতা মিয়া। সেই ভাড়ার টাকা না দেয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীরকে মারধর করা হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।’

এ বিষয়ে জানতে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com