নারায়াণগঞ্জ

ফতুল্লায় বৈদ্যুতিক সাব স্টেশনে ৬৫ লাখ টাকার মালামাল লুট, গ্রেফতার ৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন বৈদ্যুতিক সাব স্টেশনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৬৫ লাখ টাকার মালামাল উদ্ধার সহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানী সহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন- বাগেরহাট জেলার মৃত জাহাঙ্গীরের ছেলে মো. লিটন (৩৭), ডেমরা সারুলিয়ার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. আক্তার হোসেন (৪৪), একই এলাকার মো. সিদ্দিক মিয়ার ছেলে মো. রোমান (৩২), যাত্রাবাড়ী আদর্শবাগ এলাকার আনছার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (২৮), ডেমরা সারুলিয়ার মৃত তোরাব আলীর ছেলে সাইদুল ইসলাম (৩১), যাত্রাবাড়ীর মৃত মুন্সি আঃ রাজ্জাকের ছেলে সাগর মুন্সি (৩৮), যাত্রাবাড়ীর কাজীরগাও এলাকার আব্দুল বারেকের ছেলে মো. আরিফ (২৬), ডেমরা সারুলিয়ার আব্দুল লতিফের মো. রিয়াজ (৩৮), ভোলা শ্যামপুর এলাকার কাঞ্চন মাঝির ছেলে মো. শহিদুল (৪০)। গ্রেফতারকৃত আসামি মো. লিটন (৩৭) এর নামে ডিএমপি ঢাকা'সহ বিভিন্ন থানায় ৫টি ডাকাতি, ২টি অস্ত্র ও ১টি মাদক মামলা সহ মোট ৯ টি মামলা রয়েছে। এছাড়া আসামি মো. রোমান (৩২) এর নামে বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা এবং আসামি সাগর মুন্সি (৩৮) এর নামে ১ টি মামলা রয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে  র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তা অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানায়, গত ২১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ফতুল্লার পিলকুনি এলাকায় নির্মাণাধীন বৈদ্যুতিক সাব স্টেশনের শ্রমিকদের পরিহিত পোশাকের ন্যয় পোশাক পরে ৩ জন ডাকাত ভেতরে প্রবেশ করে এবং গেটে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী আ. কুদ্দুস মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে রাখে। এই সুযোগে আরও অজ্ঞাতনামা ১৫-২০ জন ডাকাত বৈদ্যুতিক সাব স্টেশনের ভিতরে প্রবেশ করে অন্যান্য নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে মারপিট করে। তারা রাত ৮টা হতে ১০ টা পর্যন্ত দীর্ঘসময় ধরে নির্মাণাধীন বৈদ্যুতিক সাব স্টেশন নির্মাণের জন্য রক্ষিত কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, বৈদ্যুতিক তামার তার সহ বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নেয়। এতে তারা আনুমানিক ৬৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ লুট করেছে। পরবর্তীতে ডাকাতরা গার্ড এবং শ্রমিকদের হাত-পা বাধা অবস্থায় একটি রুমের ভেতর আটকে রেখে লুট করা মালামালগুলো একটি ট্রাকে করে পালিয়ে যায়। 

এই ঘটনায় বৈদ্যুতিক সাব স্টেশনের দোভাষী হিসেবে কর্মরত মো. সেলিম মিয়া বাদী হয়ে ফতুল্লা থানায় ডাকাতির মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গত ২২ সেপ্টম্বর রাজধানীর ডিএমপি, ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডাকাত দলের সর্দার লিটন সহ ৯ জন কে গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত মালামাল কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, বৈদ্যুতিক তামার তার সহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ২টি খেলনা পিস্তল, ২টি চাকু, ১টি চাপাতি সহ তাদের ব্যবহৃত ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ফতুল্লায় ডিপিডিসির একটি নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় ডাকাতরা খেলনা পিস্তল সহ বেশ কিছু অস্ত্র ব্যবহার করেছে। আর খেলনা পিস্তলগুলো দেখতে অনেকটা অরিজিনাল পিস্তলের মত দেখাচ্ছে। অস্ত্র ও লুটকৃত ৬৫ লাখ টাকার মালামাল সহ ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এই ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com