সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝুলন্ত অবস্থায় সিনথিয়া আক্তার (২০) ও সাব্বির হোসেন (২২) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিনথিয়া আক্তার (২০) ও তার স্বামী সাব্বির হোসেন (২২)। সাব্বির ওই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তাদের সংসারে সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিনথিয়া ও সাব্বিরের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই তারা আত্মহত্যা করেছেন। রাত ৩টার দিকে বাড়ির একটি কক্ষে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবার। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মতামত দিন