জাতীয়

উচ্চ আদালতে সংস্কার না হলে লাভ নেই : আইন উপদেষ্টা

আদালতের বিচার ব্যবস্থা প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের সংস্কার কাজ শেষ হয় নাই। আমরা যতদিন আছি শেষ পর্যন্ত কাজ করে যাবো। আমি আপনাদের সহযোগীতা চাই। আপনারা যদি সহযোগীতা করেন আমরা বিচার ব্যাবস্থাকে আগের চেয়ে অনেক ভালো জায়গায় রেখে যেতে পারবো।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে অনলাইন বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উচ্চ আদালতে সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, নিম্ন আদালত সংস্কার করবো কিন্তু উচ্চ আদালত আগের মত থাকলে লাভ হবে না। নিম্ন আদালতে মামলার সময় ও খরচ অর্ধেক করে দিলাম, কিন্তু উচ্চ আদালতে কয়েক বছর সময় লেগে গেলে তাহলে লাভ হলো কি? এতে বিচার প্রত্যাশীরা লাভবান হবে না। উচ্চ আদালতের সংস্কারের প্রয়োজনীয়তা সেটার বিষয়ে সংশ্লিষ্টরা সচেতন হবেন।

উচ্চ আদালতে সংস্কার না হলে কার্যত উপকারে আসবেনা উল্লেখ করে তিনি বলেন, নিম্ন আদালতে সংস্কার করলে আমাদের দুঃখ লাগে। কারণ নিম্ন আদালতে সংস্কার করা হলেও উচ্চ আদালতে সংস্কার না হলে লাভ হয়না। এমন অনেক মামলা আছে নিম্ন আদালতে নিষ্পত্তি হলেও উচ্চ আদালতে তা বছরের পর বছর ঝুলে থাকে। যেমন- শিশু আছিয়ার মর্মান্তিক ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় আমরা আইন বদলে এক মাসে বিচার করলাম। কিন্তু উচ্চ আদালতে এটা কয়েক বছরেও নিষ্পত্তি হবে কীনা আমরা জানি না।

তিন মাসের মধ্যে অনলাইন বেইলবন্ড ও লিগ্যাল এইড সারা দেশে ছড়িয়ে পড়বে উল্লেখ করে তিনি বলেন, সময় বাঁচানোর জন্য আমরা ফৌজদারি কার্যবিধিতেও আমরা অনেক পরিবর্তন এনেছি। ইচ্ছেমত হেয়ারিং নেওয়া যাবেনা। মিথ্যা মামলা নেওয়া যাবেনা। সরকারি ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তাদের স্বাক্ষী আমরা অনলাইনে নেয়ার ব্যাবস্থা করে দিয়েছি। আমরা প্রায়ই দেখি দুই লাখ টাকার চেকের মামলা- এরকম ছোট বিষয়গুলোর জন্য যেন কোর্টে যেতে না হয় এগুলো যেন লিগ্যাল এইডের মাধ্যমে সমাধান হয়। এজন্য অনেকগুলো ছোট প্রজেক্ট পাইলট পর্যায়ে রয়েছে। আশা করি আগামী তিন মাসের মধ্যে এই অনলাইন বেইলবন্ড ও লিগ্যাল এইড সারা দেশে ছড়িয়ে দিতে পারবো। 

নারায়ণগঞ্জকে মুক্তির জায়গা হিসেবে দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জকে জানতাম নির্যাতনের প্রতিক হিসেবে। সাত খুনের মত ঘটনা নারায়ণগঞ্জে ঘটেছে। আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই। সেটার প্রতিকী প্রকাশ করতে নারায়ণগঞ্জে অনলাইন বেইল বন্ড শুরু করেছি। এর মূল লক্ষ্য হচ্ছে বিচারের সময় কমানো, ভোগান্তি হ্রাস করা, খরচের হ্রাস করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, এটোর্নি জেনারেল মো.  আসাদুজ্জামান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সহ প্রমুখ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com