ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৬ শ্রমিক
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের এস এম ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
দগ্ধ শ্রমিক আল আমিন জানান, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে কারখানাটির নিচ তলায় বয়লার রুমে কাজ করছিলাম আমরা। ওই সময় রুমের গ্যাস লাইন থেকে বিকট একটি শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় আমি সহ ৬ জন দগ্ধ হয়েছি। পরে আমাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, নারায়ণগঞ্জ শিল্পনগরী থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। সবার অবস্থাই গুরুতর। দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, একটি ডাইং ও প্রিন্টিং কারখানায় সকালে এ ঘটনা ঘটেছে বলে শুনছি। তবে আমাদের কেউ ইনফর্ম করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মতামত দিন