নারায়াণগঞ্জ

এ মাসের ১৫ তারিখ প্রার্থী ঘোষণা করবো : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এ মাসের ১৫ তারিখ আমরা প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করবো। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি ও ৩শ আসনে আমাদের প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে। 

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, কোন দলের সাথে জোট অবশ্যই রাজনীতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। জুলাই সনদে আমাদের সংস্কারের দাবিগুলোর সাথে যদি কোন দল সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে জোটের বিষয় বিবেচনা করবো। কিন্তু আমরা এখন পর্যন্ত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 

বিএনপির কয়েকটি আসন ছেড়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ৩শ আসনে আমাদের প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেখানে খালেদা জিয়ার (বিএনপির সাবেক প্রধানমন্ত্রী) কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন। ওনাদের সম্মানে সেই সব আসনে আমরা প্রার্থী দেব না। এছাড়া সর্বাধিক আসনে আমরা শাপলা কলি প্রতিকের জন্য প্রার্থী দেব। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের যে সংস্কৃতি যাদের টাকা আছে, যারা গডফাদারগিরি করে তারা নির্বাচনে দাঁড়ায়। আমরা সেই সংস্কৃতিকে এবার চ্যালেঞ্জ করতে চাই। এলাকার গ্রহণযোগ্য, সাধারণ ও খেটে খাওয়া মানুষকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই। আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি। 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের হাজারো যোদ্ধারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আহতদের চিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ছিল। তারা তা সম্পূর্ণরুপে পালন করতে পারেনি বিধায় এখনো লাশের সারি বাড়তেছে। আমাদের শহীদদের সংখ্যা বাড়তেছে। আমরা সরকারের প্রতি দৃঢ়ভাবে বলতে চাই, আহত যোদ্ধাদের দীর্ঘ মেয়াদী চিকিৎসা ব্যবস্থা অব্যাহত না থাকলে এরকম মৃত্যুর ঘটনা ঘটতে থাকবে। এমনকি পরবর্তীতে নির্বাচিত সরকার যে আসুক না কেন, চিকিৎসার বিষয়ে সবার কমিটমেন্ট থাকা প্রয়োজন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আহমেদ তনু, সদস্য সালেহ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছোড়া গুলিতে এক চোখের দৃষ্টি হারানো ও গলায় স্প্লিন্টার নিয়েই টানা ১৫ মাস বেঁচে থাকার পর গত ২৬ অক্টোবর রাতে মৃত্যুবরণ করেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার গাজী সালাউদ্দিন। তার মৃত্যুতে শোকাহত পরিবারকে শান্তনা ও সমবেদনা জানাতে তার গোদনাইলের বাড়িতে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নিহতের স্ত্রী রানী বেগম সহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com