তোলারাম কলেজে তোপের মুখে অনুষ্ঠান ত্যাগ করলেন হাতেম
স্বৈরাচার আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেমকে একটি অনুষ্ঠান থেকে বের করে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের তোপের মুখে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় ভুয়া ভুয়া বলে স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল ইসলাম বক্তব্য শুরু করেন। সে সময় অনুষ্ঠানের হল রুমে এসে প্রবেশ করেন তোলারাম কলেজের ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়ার নেতৃত্বে একদল ছাত্র দল নেতাকর্মী সহ শিক্ষার্থীরা। এ সময় অতিথিদের আসনে বসে ছিলেন বিকেএমই ‘র সভাপতি মোহাম্মদ হাতেম। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করতে বলেন। এর এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের তোপের মুখে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ সময় তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের সরকারি তোলারাম কলেজে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর উদ্যোগে নারায়ণগঞ্জের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোত অধ্যয়নরত পাস কোর্স, অর্নাস, মাস্টার্স এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে উদ্যোক্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে একজন ব্যবসায়ী নেতা হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমই ‘র সভাপতি মোহাম্মদ হাতেম। এ খবর পেয়ে ছাত্রদল নেতাকর্মী সহ কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করার জন্য ক্ষোভ প্রকাশ করলে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সরকারি তোলারাম কলেজের ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া বলেন, বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অর্থের যোগান দাতা। গত জুলাই বিপ্লবের সময়ে তিনি আওয়ামী লীগ সরকার ও তার দলের নেতাকর্মীদের সহযোগিতা করেছন। আমি একজন জুলাই যোদ্ধা হয়ে কিভাবে আমার ভাইয়ের রক্তের সাথে বেঈমানী করবো। সেকারণে আজ তাকে তোলারাম কলেজের এক অনুষ্ঠান থেকে বের করে দিয়েছি।
তিনি আরও বলেন, উদ্যোক্তাদের নিয়ে বিকেএমইএ এর একটি অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে এসেছিলেন। তার আগমনের বিষয়টি জানতে পেরে আমি সহ কলেজের শিক্ষার্থীরা সেখানে গিয়ে প্রতিবাদ জানাই। পরে সসম্মানে তাকে সেখান থেকে চলে যেতে বলি। প্রকৃতপক্ষে আওয়ামী লীগের এই দোসরকে কলেজের শিক্ষার্থীরা কেউ মেনে নিতে পারেনি।
এ বিষয়ে সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বিমলচত্র দাস বলেন, আমি অনুষ্ঠানের শুরুতে সেখানে উপস্থিত ছিলাম। তবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি সেখানে উপস্থিত ছিলাম না। সেখানে কি হয়ে তা জানা নেই।
তিনি আরও বলেন, আই বি ডব্লিউ এফ এর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আমাদের কলেজের ভ্যানু নেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানের দায়িত্বে আমরা ছিলাম না। তাছাড়া সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে কাকে নিমন্ত্রণ করা হয়েছে তা আমাদের জানানো হয়নি।
এ বিষয়ে বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, অনুষ্ঠানের শেষ পর্যায়ে তোলারাম কলেজের ছাত্রদল নেতা সহ আরও বেশ কয়েকজন এসে আমাকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে এ ঘটনা ঘটায়। এমনিতেও অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে ছিল, কিছুক্ষণের মধ্যে আমি সেখান থেকে চলে আসতাম। এর মধ্যে এ ঘটনা ঘটেছে। কোন একটি স্বার্থান্বেসী মহল ষড়যন্ত্র করে এই ছাত্রদের দিয়ে অপ্রীতিকরণ ঘটনা ঘটানোর চেষ্টা করেছে।
রাজনীতি করেন না উল্লেখ করে তিনি বলেন, আমি কোন দলের রাজনীতি করিনা। আমি কোন দলের রাজনীতির সাথে জড়িত নই। বিগত আওয়ামী লীগের সরকার আমলে আমাকে বিএনপি বানানোর ট্যাগ দিয়েছে, আবার এ সরকার আমলে আমাকে আওয়ামী লীগ বানানোর ট্যাগ দেওয়া হচ্ছে। মূলত আমি ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে রয়েছি। ফলে যখন যে সরকার আসে তার সাথে আমাদের ব্যবসায়ীক কার্যক্রম নিয়ে কাজ করতে হয়। এতে কোন রাজনীতিক দলের হয়ে কাজ করার প্রশ্ন আসেনা।
মতামত দিন