র্যাবের গোয়েন্দা দলকে লক্ষ্য করে গুলি, নারী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় সন্ত্রাসী জাহিদকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে র্যাবের একটি গোয়েন্দা দল। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জবা আক্তার (২২) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে পশ্চিম মাসদাইর বালুরমাঠ এলাকার গাইবান্ধা বাজারে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি রাতে প্রকাশ পেয়েছে।
গুলিবিদ্ধ জবা আক্তার ওই পশ্চিম মাসদাইর বালুর মাঠ গাইবান্ধা বাজার এলাকার বাসিন্দা। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মাসদাইর এলাকায় কৃষক দল নেতা নাহিদুর রহমান পারভেজের ওপর হামলা ও মারধরের পর গুলি ছুড়েছে জাহিদ ও তার সহযোগীরা। এ ঘটনার পর থেকে তাকে ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জাহিদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানায়। পরে রবিবার বিকেলে মাসদাইর এলাকায় সন্ত্রাসী জাহিদকে ধরতে র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল সেখানে যায়। দলটি ফতুল্লার মাসদাইরের গাইবান্ধা বাজার এলাকায় পৌঁছালে জাহিদ ও তার সহযোগীরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এসময় জাহিদের ছোড়া গুলিতে স্থানীয় এক বাড়ির রান্নাঘরে থাকা জবা আক্তার নামের এক নারীর শরীরে এসে লাগে। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, র্যাব এর একটি টিম সন্ত্রাসী জাহিদকে গ্রেফতার করতে গেলে র্যাবের লোকজনের ওপর এলোপাথারি গুলি করে। এতে একজন নারী গুলিবিদ্ধ হয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর জাহিদকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-১১ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বলেন, ‘ওই অপরাধীকে গ্রেফতার করতে আমাদের র্যাবের টিম সেখানে যাওয়ার আগে সোর্সদের (গোয়েন্দা দল) সেখানে পাঠানো হয়েছিল। তাদের উপস্থিতি টের পেয়ে জাহিদ ও তার লোকজন তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে সেই গুলি হয়তো অন্য কারও শরীরে বিদ্ধ হয়েছে।
মতামত দিন