‘অধ্যাপক-শয়তানেরা হুঁশিয়ার সাবধান’ বলে স্লোগান দিলেন যুবদল নেতা সজীব
অধ্যাপক-শয়তানেরা হুঁশিয়ার সাবধান বলে স্লোগান দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব। মান্নান ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।
বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের বিভিন্ন স্থানে ও প্রধান প্রধান সড়কে মশাল মিছিল বের করে তিনি এ স্লোগন দেন।
মিছিল শেষে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব বলেন, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যারা এই ষড়যন্ত্র লিপ্ত আছে তারা প্রত্যেকে বিএনপির পদধারী নেতা। তারা ৫ আগস্টের পরে আওয়ামী লীগের সাথে আতাঁত করে আওয়ামী লীগের ডোনেশন পেয়ে কিছু কিছু নেতাকর্মী ষড়যন্ত্র করছে। অথচ এসব নেতাদের গত ৫ আগস্টের আগে মাঠে দেখা যায়নি।
তিনি আরও বলেন, যারা তারেক রহমানের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা বিএনপি হতে পারে না। তারা বিএনপির রাজনীতি করতে পারে না। তারা আওয়ামী লীগের এজেন্ট, তারা সংষ্কারবাদী। মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চিন্তা করেছেন আপনারা এর পরিনাম আপনারা দেখেছেন। মান্নান সাহেবের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।
উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি’র প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-মানববন্ধনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যৌথ চিঠি দিয়েছেন দলটির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্যসহ ৭ মনোনয়ন প্রত্যাশী। ওই চিঠিতে স্বাক্ষর করা ৭ জনের মধ্যে দুজন অধ্যাপক ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে মশাল মিছিল করেন তার ছেলে যুবদল নেতা সজিব।
যৌথ ওই চিঠিতে স্বাক্ষর করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক পরিচালক ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ আবু জাফর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাবেক ১নং সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। দলীয় মহাসচিবের মাধ্যমে এই চিঠি তারেক রহমানের কাছে পাঠানো হয়। এর আগে তারা ১৮ নভেম্বর সকালে অধ্যাপক রেজাউল করিমের বাসায় যৌথ বৈঠক করেন।
মতামত দিন