রাজনীতি

আওয়ামী লীগের যারা অপরাধী না তারা জামাই আদরে থাকবেন: কাসেমী

আওয়ামী লীগের যারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বা অন্য কোন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না তারা জামাই আদরে থাকবেন বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় অথবা জোটের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মনির হোসাইন কাসেমী বলেন, ‘আমার দল আমাকে মনোনয়ন দিয়েছি। আমি দলের প্রার্থী হয়েছি। তবে নিজের দল হোক বা জোটের হয়ে হোক নারায়ণগঞ্জ-৪ আসনে আমি নির্বাচন করবো’।

তিনি বলেন, ‘বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও যারা কোন অপরাধ করেননি এমন সাধারণ ব্যক্তিদের কোন ভয় নেই। তারা নির্ভয়ে চলতে পারবেন। তারা জামাই আদরে থাকবেন। তবে যারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অন্যায় অপরাধ করেছেন তাদের কাউকে রেহাই দেয়া হবে না। অবিলম্বে আওয়ামী লীগের সেই সব অপরাধীদের আইনের কাছে আত্মসমর্পণ করে তওবা করতে হবে’।

মনির হোসাইন কাসেমী  বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে যতো আন্দোলন হয়েছে, তার অগ্রভাগে আমি ছিলাম। তাই চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী যে দলেরই হোক তারা কোন ধরনের ছাড় পাবে না।’

বিগত শেখ হাসিনার সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের জুলুম-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার আলেমদের টার্গেট করেছিল। মুফতি মনির হোসেন কাসেমী তাদের মধ্যে একজন। যেখানে চোর-ডাকাত-দুর্নীতিবাজ-ধর্ষকরা জেলে স্বাভাবিক জীবন কাটাতো, সেখানে আলেমদের অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতন করা হতো।’

কাসেমী দাবি করেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা করার কারণেই তাকে কারাগারে যেতে হয়েছিল’।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com