জাহাজ কেটে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, গ্রেফতার ১
সোনারগাঁয়ে ভাড়া করে এনে মালবাহী জাহাজ কেটে বিক্রির অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনসহ সাতজনের বিরুদ্ধে। এই ঘটনা একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম নোয়াখালির হাতিয়া উপজেলার চরবগুলা গ্রামের ইমানুল হকের ছেলে। তিনি মামলার এজাহার নামীয় ৪ নম্বর আসামী।
এর আগে, গত ২৪ নভেম্বর জাহাজের মালিক রাকেশ শর্মা বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। তবে ঘটনাটি বৃহস্পতিবার সকালে প্রকাশ পায়।
অভিযুক্ত সাত জন আসামিরা হলেন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন, তার সহযোগী মো. জাফর, ইকবাল, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর, হোসেন। এছাড়া অজ্ঞাত আরও পাঁচ থেকে সাত জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত একটি সিন্ডিকেট করে চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) নামের একটি জাহাজ ৭ লাখ ২০ হাজার টাকা এক মাসের চুক্তিতে গত ১ নভেম্বর ভাড়া করে নিয়ে আসেন। পরবর্তীতে শাহাদাতের নেতৃত্বে মো. জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর মিয়া, ও হোসেনসহ ১০-১৫ জনের একটি সিন্ডিকেট কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন এন্ড ব্রাদার্স মেঘনা শীপ ইয়ার্ডে জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করে ফেলে। গত রোববার সকালে মোবাইল ফোনে এক পরিচিত ব্যক্তি তাদের জাহাজ কেটে ফেলেছে বলে জানায়। খবর পেয়ে ওইদিন রাতে ঘটনাস্থলে গিয়ে তাদের মালবাহী জাহাজ কেটে ফেলার সত্যতা পান। জাহাজ কেটে ফেলার কারণে ১ কোটি ৬০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জাহাজ মালিক জানিয়েছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জড়িত থাকার অভিযোগে নজরুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন