এসপি পরিচয়ে বিকেএমইএ সভাপতির কাছে টাকা দাবি, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের পুলিশ সুপার পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মো. দ্বীন ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় আড়াইহাজার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই প্রতারক মো. দ্বীন ইসলাম জেলা পুলিশ সুপার পরিচয়ে নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের কাছে ২ লাখ টাকা দাবি করে।
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর সকাল ১১টা ২৮ মিনিটে (এসপি নারায়ণগঞ্জ) নামের হোয়াটসঅ্যাপ আইডিতে পুলিশ সুপারের ছবি জুড়ে দিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের কাছে ২ লাখ টাকা দাবি করে ওই প্রতারক। পরে টাকা পাঠানোর জন্য একটি ডিবিবিএল ব্যাংক অ্যাকাউন্টও দেওয়া হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে মোহাম্মদ হাতেম ঘটনাটি পুলিশ সুপারকে জানান।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে পরিদর্শক মাহবুব হোসেন, এসআই শরিফুল ইসলামসহ একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় আড়াইহাজার এলাকায় অভিযান চালায়।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আসামি ও তার সহযোগীরা বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা চালায় এবং শিল্পপতি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দাবি করে।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে সদর মডেল থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মতামত দিন