ছাত্রদল নেতার পৈত্রিক বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর থেকে বিকেল পর্যন্ত কালাপাহাড়িয়া ইউনিয়নের একাধিক এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে— পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল ও ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, পাঁচটি শটগানের কার্তুজ, আটটি ককটেল, ৩৮৮টি রামদা, সাতটি চাপাতি, একটি বড় ছোরা, ছয়টি ছোট ছোরা, ১৩টি দা, দুটি কুড়াল, ছয়টি হকিস্টিক, টেটা, ডাকাতির কাজে ব্যবহৃত বড় টর্চলাইট, একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র এবং নগদ ১০ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।
আটককৃত পাঁচজন হলেন মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির ও রিংকু মিয়া।
পুলিশ সূত্রে ও স্থানীয় স‚ত্রে জানা গেছে, ভোর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর, মধ্যারচর ও কদমীরচর সহ একাধিক এলাকা ঘিরে ফেলা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সন্দেহভাজন সন্ত্রাসীদের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় পুলিশের খোয়া যাওয়া একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে পাঁচজন চিহ্নিত সন্ত্রাসীকে হাতেনাতে আটক করা হয়েছে।
অভিযান শেষে কালাপাহাড়িয়ার খালিয়ারচর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যোবায়ের আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে সন্ত্রাসের জনপদ খ্যাত কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। ভোর থেকে সেনাবাহিনীর ১৪০ জন সদস্য ও থানা পুলিশের দশজন সদস্যকে সাথে নিয়ে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকর চিহ্নিত সন্ত্রাসী ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী, চাদাঁবাজদের বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, কালাপাহাড়িয়ার কদমীরচর এলাকার কাশেম আলীর পরিত্যক্ত বাড়ি থেকে ম‚লত অস্ত্রগুলো উদ্ধার করা হয়। আর কাশেম আলীর ছেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন। এ ঘটনায় আটক ৫ জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া বাকি আটকদের মধ্যে কেউ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত নেই বলে আমরা জানতে পেরেছি।
মতামত দিন