ধানের শীষে গণজোয়ারের ইঙ্গিত দিলেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একারণে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত ১৫-১৬ বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমি ডামি ও নিশিরাতের নির্বাচন হয়েছে। এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়ে গেছে দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। আপনারা যেভাবে বিএনপির মিটিংয়ে জড়ো হচ্ছেন, যেভাবে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন- এগুলো দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে।
মাদক ও দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলায় বিরাট সমস্যা হলো দুর্নীতি ও মাদক। দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। নারায়ণগঞ্জ শহরের ২০টা স্পট আছে যেখানে মাদক ব্যবসা হয়। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিগত ১৫-১৬ বছর ধরে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ ছিল। সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারতো না। এছাড়া আমাদের দল সহ বহু রাজনৈতিক দলের মানুষের উপর অনেক অত্যাচার- নির্যাতন হয়েছে, কেউ নিরাপদ ছিলনা। কারও বাড়ি-ঘর, জমি এবং ব্যবসা-বাণিজ্য দখল হয়েছে। আমরা এটার ব্যাপারে কঠোর হতে যাচ্ছি। সন্ত্রাসী যে দলের হোকনা কেন দেশের আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে চাই। সবাই যেন নিরাপদে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারে, নিরাপদে চলাফেরা করতে পারে। সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই।
তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১২ তারিখ ভোটের দিন মুসলমানরা তাহাজ্জুদের নামাজ পড়ে যার যার ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজের জামাত করবেন। জামাত করে লাইনে দাড়িয়ে যাবেন। আর যারা মুসলমান নন সেই ভাইয়েরা ভোর বেলা মুসলমান ভাইদের সাথে কেন্দ্রে চলে যাবেন।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে এখানে ধানের শীষের প্রার্থী সহ একজন জোটের প্রার্থী আছেন । ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করার পর এলাকার সমস্যা যতক্ষণ পর্যন্ত না সমাধান হবে ততক্ষণ তাদের বাড়িতে গিয়ে আপনারা বসে থাকবেন। আপনাদের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, ব্রীজ যাতে ঠিক করে দেয় তারা। এই পাঁচজনকে আমি আপনাদের জিম্মায় দিয়ে গেলাম। এদেরকে জিতিয়ে নিয়ে আসতে হবে।
এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন প্রকল্প, তরুণদেরকে ভাষা শিক্ষা সহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ নানা পরিকল্পনার কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভ‚ইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুর ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান সহ প্রমুখ।
এর আগে, চট্টগ্রাম ও কুমিল্লায় জনসভায় অংশগ্রহণ করেন তিনি। পরে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ কাঁচপুরে জনসভায় অংশ নেন তিনি।
মতামত দিন