কাসেমীর টাকা বিতরণের ভিডিও ভাইরাল
একটি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর টাকা বিতরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়া একই প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার ফতুল্লা দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বিকেলের সামাজিক যোগাযোগের মাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়।
বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী হলেন- জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেজুর গাছ প্রতীকের প্রার্থী।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করছেন। পুরষ্কারের সাথে এক হাজার টাকার দুটি করে নোট দিচ্ছেন তিনি। এ সময় প্রার্থী কাসেমীর পাশে থাকা এক ব্যক্তি টাকা গ্রহণ করা ব্যক্তিদের কাসেমী কে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া ওই অনুষ্ঠানে মাইকে প্রকাশ্যে প্রার্থী কাসেমীকে ভোট দেওয়ার প্রচারণা চালানো হয়।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণার ঘটনাকে কেন্দ্র করে বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান ন‚র মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী দেড় লক্ষ টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনার বিষয়ে জানা যায়, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম এর প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করে যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সুস্পষ্ট লঙ্ঘণ। এ ঘটনায় প্রার্থীর উপস্থিত প্রতিনিধিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা সহ আদায় করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, স্কুল প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা করা ও উপঢৌকন প্রদান করার একটি ভিডিও পেয়েছি। এ ঘটনায় তাকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, টাকা বিতরণের ভিডিওটি নির্বাচনী অনুসন্ধ্যান টিমকে দেওয়া হয়েছে। তারা এ বিষয়টি যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
জেলা রিটার্নিং অফিসার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালনোর জন্য তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার যে ভিভিও ভাইরাল হয়েছে, সেটি যাচাই বাছাই করে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন