ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই: বিএনপি নেতার হুমকি
ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই’ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এক বিএনপি নেতার এমন হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের এক নির্বাচনি প্রচারণায় সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন এই বক্তব্য দেন।
স্থানীয় স‚ত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনি প্রচারণার সময় বিএনপি নেতা নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন, ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না।
ভাইরাল বক্তব্যে তাকে বলতে শোনা গেছে, ‘এখানে ১৬০৮টি ভোট আছে। যদি এখানকার ১৫০০ ভোট কাস্ট হয় আর ২০০ ভোটও যদি বাহিরে যায়, ইনশাআল্লাহ আমরা ধরে ফেলবো। মনে রাখবেন কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন। সেটা বের করতে আমাদের কারও কাছে যাওয়া লাগবে না। কারণ আপনাদের পেছনে আমাদের গোয়েন্দা লাগানো রয়েছে। আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনারা এখনই আমাদের সাথে ধানের শীষের ছায়াতলে আসেন। আর যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই, এখান থেকে অন্য মার্কায় ভোট চলে গেছে, আপনাদের মধ্যকার কেউ আমাদের সাথে থেকে বেইমানি করে ১০-২০-৫০ ভোট অন্য মার্কায় চলে গেছে, তাহলে কিন্তু কারও রেহাই নেই বলে দিলাম।’
এ বিষয়ে অভিযুক্ত সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বলেন, ‘আমার আত্মীয়- স্বজনদের নিয়ে একটি দাওয়াত শেষে উঠান বৈঠক করেছিলাম। এসময় আমার কিছু আত্মীয়-স্বজনের সামনে ওই মন্তব্য করেছিলাম। কিন্তু অন্য কোনো এলাকায় কিংবা মানুষকে এমন কথাবার্তা বলিনি। প্রয়োজনে আপনারা এসে তদন্ত করুন। আত্মীয়-স্বজনদের শাসিয়েছি, অন্য কিছু না।’
বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া বলেন, ‘মানুষকে হুমকি-ধমকি দেওয়া জাতীয়তাবাদী দলের চিরাচরিত অভ্যাস বা স্বভাব। এর বাইরে যেতে পারে না। এটাই নিজামউদ্দিন ভাইয়ের বক্তব্যে স্পষ্ট। গণতন্ত্র আর নির্বাচনের আরপিওতে স্পষ্ট বলা আছে, এমন আচরণ করা যাবে না।’
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ভিডিওর বিষয়টি নজরে এসেছে। এ বিষয়ে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন