Box-3

বিএনপি নেতাদের নেতৃত্বে ধলেশ্বরী নদীর মাটি চুরির হিড়িক

ফতুল্লা থানার চরাঞ্চল বক্তাবলী ইউনিয়নের বুক চিড়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীর মাটি প্রকাশ্যে উত্তোলন করে স্থানীয় ইট ভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, গ্র্যাব ড্রেজার (নদী থেকে বালু উত্তোলনের বিশেষ ড্রেজার মেশিন) ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ কার্যক্রম পরিচালিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

জানা যায়, বক্তবলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা সরকারী নিয়ম-নীতির তোয়াক্কা না করে নদী থেকে মাটি কেটে ট্রলারে ভরছেন এবং প্রতিটি ট্রলার থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ আদায় করছেন। ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সহ-সভাপতি রাসেল, সাংগঠনিক সম্পাদক হালিমা হাজাদ এবং যুবদল নেতা আবুল খায়ের ও মোজাম্মেল হকের নেতৃত্বে এ গ্যাব ড্রেজার সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোরের আলো ফোঁটার সাথে সাথেই ধরেশ্বরী নদীর বক্তাবলী অংশে প্রায় দু’টি গ্র্যাব ড্রেজার দিয়ে নদী থেকে মাটি উত্তোলন করে ট্রলারে তোলা হচ্ছে। প্রতিটি ট্রলার থেকে মাটি বিক্রি থেকে প্রায় তিন হাজার টাকা করে আদায় করা হচ্ছে। দৈনিক গড়ে প্রায় ২০০ ট্রলার মাটি বিক্রি করা হচ্ছে। সে হিসেবে প্রতিদিন প্রায় ছয় লাখ টাকা এবং মাসে প্রায় এক কোটি ৮০ লাখ টাকার লেনদেন হচ্ছে বলে অভিযোগ ওঠে।

এদিকে, অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে মাটি কাটার ফলে নদীর নাব্যতা ও পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য ও বসতবাড়ি হুমকির মুখে রয়েছে; যেকোনো সময় বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে।

অভিযোগ রয়েছে, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে এ কার্যক্রম চালানো হচ্ছে। এতে একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। তবে এ বিষয়ে অভিযুক্ত নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন নাগরিকরা অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বশীল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com