Box-2

ভয়ংকর ছিনতাই আতঙ্কে নারায়ণগঞ্জবাসী

নারায়ণগঞ্জে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী ব্যক্তিরা কখনো সর্বস্ব হারাচ্ছেন আবার কখনো জখম হচ্ছেন। তবে আবার অনেকে ছিনতাইকারীদের আঘাতে প্রাণ পর্যন্ত হারিয়েছেন। এবার অতীতের সকল রেকর্ড ভেঙে জনগণকে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হয়েছেন। এমনকি তার কাছ থেকে পুলিশের সরকারি অস্ত্র লুট করে নেওয়া হয়েছে। ফলে সাধারণ জনগণের নিরাপত্ত নিয়ে বেশ উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নানা ব্যর্থতাকে নগরবাসী এতোদিন দোষারোপ করলেও এখন পুলিশ কর্মকর্তা খোদ ছিনতাইয়ের শিকার হয়েছে। ফলে জনমনে আরও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ অবস্থায় পুলিশ প্রশাসনকে আরও হার্ডলাইনে গিয়ে শক্ত হস্তে কাজ করার কথা বলছেন সচেতন মহল।
গত ৯ মার্চ ভোরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন লুৎফর রহমান নামে পুলিশের একজন দায়িত্বরত কর্মকর্তা। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তার সরকারি পিস্তল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আক্রান্ত লুৎফর রহমান নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে টহল টিমে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা মন্ডলপাড়া ব্রিজের দিকে দায়িত্ব পালন করছিল। দায়িত্ব পালনকালে নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমান টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে নিজের মোটরসাইকেল ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং চাপাতি দিয়ে  তাকে আঘাত করার চেষ্টা করে। তিনি সরে গেলে চাপাতি আঘাত থেকে বেঁচে যান। পরে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। এ ঘটনার সময় তিনি পুলিশের পোশাকে ছিলেন।
এর আগে, গত ৮ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহতের ঘটনা ঘটেছে। এসময় তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। রোববার, ৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে ওই এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় পথচারী ও স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে এক ছিনতাইকারী ধরা পড়ে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গত ৮ জানুয়ারি নারায়ণগঞ্জের বন্দও ধামগড় এলাকায় অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে চাকরির আশ্বাস দিয়ে এক ব্যক্তিকে ডেকে এনে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিন যুবককে পিটুনি দেন। 
আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
 গত ২৩ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা এবং চালককে ছুরিকাঘাতের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। কক্সবাজারগামী একটি গাড়ির যাত্রী নাজির উদ্দিন শাহ নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করের ঘটনার বর্ণনা দেন। 
২০২৪ সালের ১৪ ডিসেম্বর ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত (২০) গুরুতর জখম হন। এ সময় তার কাছ থেকে মোবাইল ও এক হাজার ৮০০ টাকা নিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নগরবাসী বলছেন, ভোরে কিংবা রাতের বেলা শহরের বিভিন্ন সড়ক দিয়ে চলাফেরা করতে ভীতি দেখা দিয়েছে। বিশেষ করে একা একা কোন পথচারী চলাফেরা করলে ছিনতাইকারীরা তাকে টার্গেট করে আক্রমণ করে ও সর্বস্ব ছিনিয়ে নেয়। এতে কেউ বাধা দিলে তাকে প্রাণ পর্যন্ত হারাতে হয়। ফলে পুরো শহরজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com