Box-5

সংসদের অধিবেশনে আমন্ত্রিত না.গঞ্জের ‘জুলাই যোদ্ধা’ মাহবুব

জুলাই আন্দোলনে দুই চোখ হারানো নারায়ণগঞ্জের 'জুলাই যোদ্ধা' মাহবুব আলম ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত হয়েছেন। তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে অধিবেশনে উপস্থিত থাকবেন।
বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।
পোস্টে তিনি জানান, মাহবুবকে নিয়ে আগে একটি শর্ট ডকুমেন্টারি নির্মাণ করা হয়েছিল। সেখানে মাহবুব বলেছিলেন, সামনে তো নির্বাচন। যেদিন সংসদ অধিবেশন বসবে সেদিন যদি একটু আসতে পারতাম। আমি তো আর দেখতে পাব না, যদি শুনতে পেতাম তারা কী নিয়ে কথা বলছেন।
ফারুকী তার পোস্টে নারায়ণগঞ্জের এই 'জুলাই যোদ্ধা'কে সংসদ অধিবেশনে আমন্ত্রণ জানানোর জন্য বর্তমান সরকার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংসদ সচিবালয়ের সচিব এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার মাস মার্চে স্বাধীনতা রক্ষার সৈনিক মাহবুবের সংসদ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেওয়া একটি যুগান্তকারী বার্তা।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় ছররা গুলিতে দুই চোখে গুলিবিদ্ধ হন মাহবুব আলম। এতে তার চোখের নার্ভ ছিঁড়ে যায় এবং বাঁ চোখের পর্দা ফেটে যায়। পরে অন্তর্র্বতীকালীন সরকারের উদ্যোগে দেশে ও বিদেশে চিকিৎসা নেওয়া হলেও তিনি দৃষ্টিশক্তি ফিরে পাননি।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com