পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
নারায়ণগঞ্জ শহরের একটি বিউটি পার্লার থেকে কামরুন নাহার ইতি (২৭) নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই নারীর স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে (৪৫) আটক করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আমলাপাড়া এলাকার পরী বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আটক আনোয়ার হোসেন সেন্টু শহরের মাসদাইর এলাকার ইলিয়াস সরদারের ছেলে। তিনি তার স্ত্রীকে ইতি কে নিয়ে মাসদাইর এলাকায় বসবাস করতেন। তাদের সংসারে তানভীর নামে ১২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিহত ইতি পেশায় একজন নারী উদ্যোক্তা ও বিউটি পার্লারের মালিক।
পুলিশ স‚ত্রে জানা গেছে, বিকেলে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশের গিয়ে দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত কামরুন নাহার ইতির বোন লাকী বলেন, গত ২৭ জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিল। শুক্রবার বিকেলে পার্লারটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির মালিক পুলিশ ও আমাদের খবর দেয়। পরে আমরা পুলিশ নিয়ে পার্লারের দরজার তালা ভেঙে টয়লেটের ভেতরে ইতির মারদেহ দেখতে পাই।
তিনি আরও বলেন, ইতির স্বামী আনোয়ার হোসেন সেন্টু নেশাগ্রস্ত ছিলেন। কয়েকদিন পরপরই ইতিকে অনেক মারধর করতো। কিছুদিন আগেও তাকে মারধর করে হাত ভেঙে দিয়েছিল। মারধর খেয়েও আমার বোন সংসার ছেড়ে যায়নি। কিন্তু শেষ পর্যন্ত আর তার সংসার করা হলো না। আমি এই হত্যাকান্ডের বিচার চাই।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন