পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ
আড়াইহাজারে সমাজকল্যাণ সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জের সন্তান’র উদ্যোগে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।
প্রধান অতিথি নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, “আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।”
প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান বলেন, “পরিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। আইন অনুযায়ী পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি মোক্তার হোসাইন বলেন, “নরসিংদী ও মাধবদীর ডাইং শিল্পগুলোর কেমিক্যাল-সমৃদ্ধ বর্জ্য পানি আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের অধিকাংশ নদীকে দূষিত করছে। পাশাপাশি শতাধিক সাইজিং মিল ও ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা নদী ও পরিবেশ দূষণ করছে, তাদের আইনের আওতায় আনা জরুরি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা জলি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুকসহ শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
মতামত দিন