ফতুল্লায় বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা(৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ খবর পেয়ে সোমবার (১ ডিসেম্বর) সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমন খলিফা বরিশাল জেলার আগৈলজড়া থানার আন্দার মানিক গ্রামের মন্টু খলিফার ছেলে। সে তার দ্বিতীয় স্ত্রী ও বাউল শিল্পী সোনিয়া সরকার কে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে ফতুল্লার পঞ্চবটি বাউল ক্লাবে বাংলাদেশ বাউল শিল্পি ফাউন্ডেশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন বাউল শিল্পী সোনিয়া ও তার স্বামী সুমন খলিফা। অনুষ্ঠান শেষে সোমবার সকালে সোনিয়া তার স্বামীকে খুঁজে না পেয়ে ফতুল্লা মডেল থানায় পুলিশের দারস্ত হয়। এদিকে জরুরী সেবা-৯৯৯ 'এ ফোন আসে যে মধ্যনগরে একটি রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পরে লাশের ছবি দেখে সোনিয়া শনাক্ত করে নিহত ব্যক্তিটি তার স্বামী সুমন খলিফার। নিহতের শরীরে একাধিক স্থানের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।
এ বিষয়ে বাউল শিল্পি সোহেল সরকার বলেন, গত রবিবার ছিলো বাংলাদেশ বাউল শিল্পি ফাউন্ডেশনের বর্ষপূর্তির অনুষ্ঠান। এ উপলক্ষে আমাদের পঞ্চবটি বাউল ক্লাবে রাতে দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরন করা হয়। আমাদের আমন্ত্রনে সোনিয়া ও তার স্বামী দোয়া মাহফিলে অংশ নেয়। এরপর উপস্থিত অনেক শিল্পি একটা করে গান গায়। এসময় সোনিয়াও একটি গান গেয়ে চলে যায়। পরে কি হয়েছে জানা নাই।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউন কে বলেন , নিহত সুমন খলিফার লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, প্রথম স্ত্রীর ইতির সাথে বিচ্ছেদের পর দেড় বছর পূর্বে সোনিয়া কে বিয়ে করে নিহত সুমন খলিফা। প্রথম স্ত্রী ইতিও বিভিন্ন ক্লাবে গান করতো। এছাড়া বর্তমান স্ত্রী সোনিয়া বিভিন্ন ক্লাবে গান করেন।
মতামত দিন