চট্টগ্রাম থেকে ঢাকায় পাচারের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ২৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। এ সময় সোনারগাঁ থানা পুলিশ সহযোগিতা করে।পুলিশ জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে সংগ্রহ ও মজুদ করা ১৩টি ড্রামে রাখা ডিজেল একটি পিকআপ ভ্যানে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল। অভিযান চালিয়ে তা জব্দ করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধ মজুদ ও অধিক মূল্যে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।জব্দ করা ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
মতামত দিন