সোনারগাঁ থানায় ওসি নেই, সেবা বঞ্চিত এলাকাবাসী!
স্টাফ রিপোর্টার: গত ২৬ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। এরপর থেকে এখনো সেই থানায় ওসি বিহীন রয়েছে। ফলে পরিদর্শক (তদন্ত) থাকা কর্মকর্তা দিয়ে ওসির কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ দিন ধরে সোনারগাঁ থানার বাসিন্দারা ওসির সেবা থেকে বঞ্চিত হয়েছেন। পরিদর্শক (তদন্ত) থানার দায়িত্বে থাকলেও কার্যত অর্থে ওসির সেবা থেকে বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন। এতে থানার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে সোনারগাঁ থানায় যোগ দেওয়ার আড়াই মাসের মাথায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। ২৬ জুলাই অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়।
গোলাম সারোয়ার এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের মে মাসে তিনি সোনারগাঁ থানায় যোগ দেন।
স্থানীয় সূত্র জানায়, সোনারগাঁ থানায় যোগদানের পর তার বিরুদ্ধে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে যোগসাজশ করে মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে। সম্প্রতি যুবলীগের এক নেতার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো নিয়েও সমালোচনা হয়। ওই শিক্ষার্থীর পরিবারের অভিযোগ ছিল, স্থানীয় বিএনপি নেতাদের চাঁদা না দেওয়ায় পুলিশের সঙ্গে যোগসাজশ করে তাকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় প্রবাসফেরত এক ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও ওঠে গোলাম সারোয়ারের বিরুদ্ধে।
তবে এসব অভিযোগের বিষয়ে বদলীর সময়ে তৎকালীন সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ারের বক্তব্য পাওয়া যায়নি।
বদলীয় সময়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, পুলিশ সদর দফতর থেকেই তার বদলির আদেশ এসেছে। বদলির সুনির্দিষ্ট কারণ জেলা পুলিশকে জানানো হয়নি। আগামী ১ আগস্টের মধ্যে গোলাম সারোয়ারকে রংপুর রেঞ্জে যোগ দিতে হবে। এর মধ্যে সোনারগাঁ থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হবে।
এদিকে দীর্ঘ প্রায় ১৭ দিনের বেশি সময় অতিবাহিত হলেও সোনারগাঁ থানায় এখনো ওসি দেওয়া হয়নি। এতে করে এলাকাবাসী ওসির কাছ থেকে সেই কাঙ্খিত সেবা পাচেছনা। থানায় ওসি না থাকায় পরিদর্শক (তদন্ত) দিয়ে কাজ সারতে হচ্ছে। এ নিয়ে অনেকের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী জানিয়েছে, থানার ওসির কাজ কি পরিদর্শক দিয়ে চলে? থানায় ওসি না থাকলে সেই কাঙ্খিত সেবা মেলেনা। তাছাড়া সোনারগাঁ শিল্পাঞ্চল হওয়ায় এখানে ক্রাইম তুলনামুলক বেশি হয়ে থাকে। ফলে অন্য থানার তুলনায় এখানে দায়িত্বশীল ব্যক্তিদের বেশি প্রয়োজন, সেখানে এই থানায় এখনো ওসি দেওয়া হয়নি।
মতামত দিন