পল্লিচিকিৎসকের ভুল চিকিৎসায় দিনমজুরের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় পল্লিচিকিৎসকের ভুল চিকিৎসায় রতন বিশ্বাস (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) রাত ৮টার দিকে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত রতন বিশ্বাস সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চন্নার চর গ্রামের মৃত রোমান্ত বিশ্বাসের ছেলে। তিনি স্ত্রী-সন্তানসহ পরিবার নিয়ে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।
নিহতের স্ত্রী অনিতা বিশ্বাস জানান, কয়েক দিন ধরে রতন অসুস্থ ও শরীর দুর্বল থাকায় মঙ্গলবার রাত ৭টার দিকে বাড়ির পাশের পল্লিচিকিৎসক শরিফুল ইসলামকে ডেকে বাসায় আনা হয়। তিনি রতনকে দেখে একটি ইনজেকশন দেন এবং একটি স্যালাইন হাতে পুশ করেন। কয়েক মিনিট পরই রতন কান্না করতে করতে কাঁপতে থাকেন। তখন দ্রæত স্যালাইন খুলে ফেলা হয়।
পরে রতনের ছোট ভাই তাকে দ্রæত শহরের খানপুর হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক দ্রæত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রতনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবুল বাশার জানান, প্রাথমিকভাবে চিকিৎসকের ধারণা বিষক্রিয়ায় রতনের মৃত্যু হতে পারে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বাসা থেকে পল্লিচিকিৎসকের দেওয়া ওষুধ জব্দ করা হয়েছে। অভিযুক্ত পল্লিচিকিৎসককে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন