সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের এক লাখ লিটার তেলের ট্রান্সফরমারে আগুন, অল্পের জন্য রক্ষা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনেই এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পরপরই পুরো বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি বা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুদ ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
মতামত দিন