Box-2

ফতুল্লায় চার খাল খননে নিরসন হবে ডিএনডির জলাবদ্ধতা

নারায়ণগঞ্জের ফতুল্লা ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চারটি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) ফতুল্লার ডিআইটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে দীর্ঘদিন ধরে ডিএনডি এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে জনভোগান্তি চরম আকার ধারণ করে। এ প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের নলখালী খাল, বাগডোমারী খাল, ওয়াপদা খাল এবং কাশীপুর ইউনিয়নের কল্যাণী খাল খননের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ বলেন, "জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে জনসাধারণের সচেতনতা অপরিহার্য। যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"

 

তিনি আরও বলেন, "শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং শিল্প বর্জ্য যাতে খাল-নদীতে না পড়ে সে বিষয়ে মালিকদের সচেতন হওয়া প্রয়োজন।"

এ সময় তিনি জানান, এ কর্মসূচি বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে এবং তারেক জিয়ার দেশব্যাপী খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় বাস্তবায়ন করা হচ্ছে। এই চারটি খাল খননে ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল খনন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন হলে ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা আশা করছেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com