প্রধান খবর

ছাত্রদল- শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭

নারায়ণগঞ্জ শহরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া সহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত সাত জন আহত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে
চাষাঢ়া ও কলেজরোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- তোলারাম কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল হক শুভ, সাধারণ সম্পাদক তামিম, অর্থ সম্পাদক জুবায়েদ, শিবির কর্মী মনির, ইসমাইল, ছাত্রদল নেতা তুহিন আহমেদ সহ আরও একজন জন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে সভা চলছিল। সেখানে ছাত্র সংগঠনগুলোর নেতারাও বক্তব্য রাখেন। সেখানে ছাত্রদল ও ছাত্রশিবির একে অপরকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য রাখেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এর জের ধরে শহরের কলেজ রোড ও চাষাঢ়ায় সংঘর্ষে জড়ান উভয় পক্ষ। এ সময় দুপক্ষের লোকজনের হাতে লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ দেখা যায়। এছাড়া তারা ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে।

এ বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অমিত হাসান বলেন, “তোলারাম কলেজের ভেতরে আমাদের নেতাদের মারধর করেছে। গত কয়েকদিনের রাজনৈতিক উত্তাপকে ঘিরে এ ঘটনা ছাত্রদল ঘটিয়েছে। আমরা সেখানে গেলে লাঠিসোঁটা দিয়ে আমাদের কয়েকজনকেও আঘাত করেছে। আমিও মাথায় আঘাত পেয়েছি।”

 সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া অভিযোগ করেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা উসকানিমূলক বক্তব্য দিলে আমরা প্রতিবাদ জানাই। এর পরপরই ছাত্রশিবিরের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে  ধারালো অস্ত্র সহ লাঠিসোঠা ব্যবহার করে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।  এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসানুজ্জামান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক সভায় ছাত্র শিবিরের সভাপতির কোন এক বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের লোকজনের মধ্যে হাতাহাতির ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে।েএতে উভয় পক্ষের ৩-৪ জন আহতে হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com