উসকানির শিকার না হতে শ্রমিকদের প্রতি আহ্বান এমপি আজাদের
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগী সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, “এই যে আন্দোলন করে দেখেন অনেকে উসকানি দিচ্ছে। আপনারা তো সবাই মিলে এই সরকারের পার্ট, আপনারা ভোট দিয়েছেন, সরকার গঠন করেছেন। আপনাদের সকলের শ্রমের বিনিময়েই কিন্তু এই সরকার হয়েছে। তো আপনাদের এই আন্দোলন করার দরকার নেই তো, আপনারা তো আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। এই যে এখানে আমরা সবাই আসছি, আমরা তো আপনাদের সাথেই আছি।”
সোমবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
উসকানিদাতাদের শনাক্ত করতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, “যারা উসকানি দিচ্ছে, বিভিন্ন ফুটেজগুলো দেখার সুযোগ আছে কারা পিছন থেকে উসকানি দিচ্ছে। আপনারা কেন উসকানির শিকার হবেন? আপনাদের প্রত্যেকের বিবেক-বুদ্ধি আছে, আপনাদের নিজেদের চিন্তাধারা আছে, দেশটা তো আপনাদের-আমাদের সবার, আপনাদের সবার কিন্তু বাংলাদেশ। আপনারা সবাই মিলে শান্ত থাকেন সুশৃঙ্খল থাকেন।”
শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের প্রতি যথেষ্ট কাইন্ড। প্রধানমন্ত্রী শ্রমিকদের কল্যাণে আন্তরিক। শ্রমিকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বার্থও বিবেচনায় নিয়ে সরকার কাজ করছে। কিভাবে আমাদের দেশের শ্রমিক ভালো থাকবে, ব্যবসা-প্রতিষ্ঠানও ভালো চলবে, সবার জন্য কিন্তু তিনি সহায়ক। আপনারা মজুরি কমিশন অলরেডি গঠন করেছেন, আপনাদের সবাইকে নিয়ে আলোচনার বোর্ডে আপনাদের লোকজনও থাকবে। আলোচনার মাধ্যমে যেটা ভালো হবে সেটা সমাধান হবে।”
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারী ও শিক্ষার্থীরা।
মতামত দিন