আগুনে ক্ষতিগ্রস্থদের ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুন মাহমুদের, সর্বাত্মক সহযোগিতায় রিয়াদ চৌধুরী
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকান্ডের ঘটনায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এছাড়া ক্ষতিগ্রস্থদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
বুধবার সন্ধ্যায় ফতুল্লার সাইনবোর্ড সংলগ্ন এলাকায় অবস্থিত ক্ষতিগ্রস্থ মাদ্রাসার কক্ষ ও লাইব্রেরি পরিদর্শন করেন নেতৃবৃন্দরা।
পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের যেভাবে নির্দেশনা দিচ্ছেন, তার নির্দেশনা অনুযায়ী আমরা যে কোন দুর্যোগ বা মানুষের প্রয়োজনে আমরা পাশে দাঁড়াবো। এটা আমাদের দলের ও সরকারের একটা নির্বাচনী অঙ্গীকার, মানুষর সেবা করা।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানের অনেক মূল্যবান কিতাব পুড়ে গেছে। গত ২০-২৫ বছরে তারা অনেক দুর্লব কিতাব সংগ্রহ করেছে। আলেমরা এখানে জ্ঞান চর্চা করতো। সেটা এখন ক্ষতিগ্রস্থ হয়েছে। এটা খুবই দুঃখজনক। আরও মর্মান্তিক বিষয় হলো- এখানে অধ্যায়নরত অনেক ছাত্র ধোঁয়ায় অসুস্থ হয়েছে। এখনো ৮ জন ছাত্র হাসপাতালে ভর্তি আছে, একজন আইসিউতে আছে।
দল লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ অনেক। আমরা পরিদর্শন করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা সরকারের পক্ষ থেকে একটা ক্ষতিগ্রস্থ লাইব্রেরিকে পুন:গঠনের জন্য দশ লাখ টাকার অনুদান দিয়ে সহযোগিতা করবো।
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্থ জায়গাটিতে লাইব্রেরি ছিল। এটাতে তারা পড়াশোনার কক্ষ হিসেবে ব্যবহার করতো। ঘটনার সময় লাইব্রেরি বন্ধ ছিল। ফলে এখানে কোন কনস্ট্রাকশন ইস্যু নেই, এটা লাইব্রেরি ইস্যু। আর ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিল ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ প্রমুখ।
মতামত দিন