ওয়ারেন্টভুক্ত জুয়েল আরমানকে খুঁজে পাচ্ছেনা পুলিশ!
* পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে ৮ লাখ মুক্তিপণ আদায়।
*মুক্তিপণ আদায় করে নাজেহাল করতে বাদীকে বৈষম্যের মামলায় আসামি করা হয়।
* তদন্ত প্রতিবেদনে অপহরণ ও টাকা আদায়ের সত্যতা পেয়েছে পুলিশ।
*বিবাদী জুয়েল আরমানে মোবাইল ফোন নম্বরের সিডিআর ঘটনাস্থলে ছিল।
*মামলার সাক্ষীরা অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করেছে।
*আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।
*পুলিশের দাবি, অভিযান চালিয়ে আসামিকে খুঁজে পাওয়া যায়নি।
*বাদী পক্ষ বলছে, পুলিশ আমাদের নিয়ে আসামি ধরতে কোন অভিযান চালায়নি।
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলুকে (৬০) পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে মুক্তিপণ বাবদ ৮ লাখ টাকা আদায়ের ঘটনায় আসামি ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। তবে আদালতের নির্দেশনা সত্তে¡ও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন থেকে শুরু করে দলীয় বিভিন্ন কর্মসূচিতে এই আসামিকে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। নানা মহলে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক দলের পদ পদবী এখন অদৃশ্য শেল্টার তৈরি করেছে, আর সেই শেল্টারে জুয়ের আরমান কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। পুলিশের দাবি, বাদী পক্ষের লোকজন নিয়ে অভিযান চালিয়ে আসামিকে খুঁজে পাওয়া যায়নি। অথচ বাদী পক্ষ বলছে, আসামি ধরতে তাদেরকে নিয়ে পুলিশ কোন অভিযান চালায়নি।
গত ৫ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা আমলী আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। ফতুল্লা থানার ওসিকে আসামি গ্রেফতারের নির্দেশনা দিয়েছেন আদালত।
ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল আরমান হলেন ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি। ভুক্তভোগী দেলোয়ার হোসেন দিলু হলেন ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও ব্যবসায়ী।
জানা গেছে, জুলাই আন্দোলনের পর থেকে জুয়েল আরমানের লোকজন নানা ভাবে ইঙ্গিত দিয়ে চাঁদা দাবি করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ২০ জুন ৪-৫ জন অস্ত্রধারী ব্যক্তি পুলিশ পরিচয়ে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলুর পথ রোধ করে মাইক্রোতে টেনে হেচড়ে তুলে ফতুল্লা থানায় নেওয়ার কথা বলে। তবে ফতুল্লা থানায় না নিয়ে তাকে থানার কাছাকাছি মাজার গলিতে গাড়ি রেখে নানা টালবাহানা করে ও ফতুল্লা থানার ওসির সাথে কথা বলার ভয়ভীতি দেখায়। এ সময় তারা ভয়ভীতি দেখিয়ে দেলুকে বলে, ‘কোন কথা বললে গুলি করে হত্যা করে ফেলবো।’ এর এক পর্যায়ে তারা দিলুকে ফতুল্লার ডিআইটি মাঠে আসামি জুয়েল আরমানের কাছে নিয়ে যায়। সেখানে জুয়েল আরমান তাকে উদ্দেশ্য করে বলে, ‘এদের দ্বারা তোকে আমি অপহরণ করে এনেছি। তোকে ১০ লাখ টাকার চাঁদা দিতে বলেছিলাম, কিন্তু তুই টাকা দিলিনা। এখন টাকা না দিলে জানে শেষ করে ফেলবো।’ এসব কথা বলে জুয়েল আরমান দিলুকে চড় মারে। এক পর্যায়ে বাধ্য হয়ে দিলু তার লোকজনদের ফোন করে নগদ তিন লাখ টাকা ও ৫ লাখ টাকার চেক নিয়ে আসতে বলে। পরে সেই টাকা ও চেক তাদের হাতে তুলে দেয়। মুক্তিপণের টাকা পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগি দিলুর ছেলে জুয়েল হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে পিবিআই পুলিশের কর্মকর্তা গত ৩ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
পিবিআই কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভিকটিম দিলুর সাথে মামলার বিবাদী জুয়েল আরমানের পূর্ব পরিচয় ছিলনা। দিলু এলাকায় ভ‚মি ক্রয়-বিক্রয়ের মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত। সম্পত্তি বিক্রি করার সূত্র ধরে জুয়েল আরমানের সাথে দিলুর পরিচয় হয়। উক্ত সম্পত্তিতে মধ্যস্থতা করতে চাইলে দিলুর সাথে জুয়েল আরমানে বিরোধ সৃষ্টি হয়। তদন্ত করে জানা গেছে, উক্ত সম্পত্তির মালিক মাহবুবুর রহমান বাউন্ডারী দেয়াল করার কাজটি শ্রমিক সরবরাহকারী ঠিকাদার দিলুকে দেয়া হয়। এই কাজ সম্পন্ন করায় জুয়েলের সাথে দিলুর বিরোধ সৃষ্টি হয়।
এদিকে ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী অপহরণ ও মুক্তিপণের টাকা আদায়ের ঘটনার দিন ২০ জুন বিবাদী জুয়েল আরমানের মোবাইল ফোন নম্বরের সিডিআর পর্যালোচনা করে দেখা যায়, বাদীর অভিযোগ অনুযায়ী ওই সময়ে বিবাদী জুয়েলের অবস্থান সেখানে ছিল। এছাড়া মামলার সাক্ষীদের সাথে কথা বলেও অভিযোগের সত্যতা মিলেছে।
মামলার তদন্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা পিবিআই এর উপপরিদর্শক (এসআই) হৃদয় চন্দ্র দাস জানিয়েছেন, অত্র মামলায় বিবাদী জুয়েল আরমান সুকৌশলে ভিকটিম দিলুকে মাইক্রো গাড়িতে অবরুদ্ধ করে গত ২০ জুন ফতুল্লা থানাধীন তক্কার মাঠ শিয়াচর থেকে ডিআইটি মাঠে তুলে নিয়ে গিয়ে তাকে থাপ্পর মারে ও গুলি করে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে। এরুপ ভয়ভীতি দেখানোর মাধ্যমে দিলুর কাছ থেকে নগদ তিন লাখ টাকা ও চেকের মাধ্যমে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সত্য বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
অথচ এসব অভিযোগের বিষয়ে মামলার শুরু থেকে অভিযুক্ত ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানকে প্রশ্ন করা হলে তিনি বারবার অস্বীকার করেছেন। এমনকি তিনি অপহরণের বিষয়টি অস্বীকার করে পাওনা টাকা আদায় করেছেন বলে দাবি করেন। তবে এবার পুলিশের তদন্ত প্রতিবেদনে অপহরণ ও টাকা আদায়ের বিষয়টি স্পষ্ট উঠে এসেছে।
এদিকে এই মামলায় গত ৫ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা আমলী আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। এরপর ৯ দিন অতিবাহিত হলেও আসামি জুয়েল আরমানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও পুলিশ বলছে, গত দুই দিন আগে তারা ওয়ারেন্টের কাগজ হাতে পেয়েছে। তবে নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন থেকে শুরু করে বিএনপি দলীয় বিভিন্ন কর্মসূচিতে প্রকাশে ঘুরে বেড়াতে দেখা গেছে ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানকে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্মাদের সাথে নানা বিষয়ে আলোচনা করতেও দেখা গেছে এই আসামিকে। সেই ঘটনার নানা ছবি ও ভিডিও গণমাধ্যমকর্মীদের হাতে রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, কোন ব্যক্তির সরকার দলীয় পদ পদবী থাকলে কিংবা মোরল ব্যক্তিদের আশির্বাদ থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তারা সেসব ব্যক্তিদের দেখেও না দেখার ভান করেন। অনেক সময় তারা চোখে কাঠের চশমা পড়ে এসব আসামিদের খুঁজে বেড়ায়। যেকারণে দিনের দিনে পর অতিবাহিত হলেও ওয়ারেন্টভুক্ত অপরাধীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, এক পর্যায়ে তারা জামিন নিয়ে উল্টো বাদী পক্ষকে নানাভাবে ঘায়েল করার চেষ্টা করে।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন দিলু বলেন, জুয়েল আরমান আমাকে অপহরণ করে টাকা আদায়ের বিষয়ে তদন্ত কর্মকর্তা ইতোমধ্যে প্রমাণ পেয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অথচ এখনো পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। আমি তার গ্রেফতার ও বিচার চাই।
এ বিষয়ে জানাতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, বিভিন্ন মামলার অনেক ওয়ারেন্ট আমাদের কাছে আসে। এই মুহূর্তে নির্দিষ্ট করে এ বিষয়ে বলা সম্ভব হচ্ছেনা। ওয়ারেন্টের কাগজ যেই কর্মকর্তা মেইনটেন করে সে বলতে পারবে।
ফতুল্লা মডেল থানার এসআই হামিদ খান বলেন, গত ৫ নভেম্বর আদালত ওয়ারেন্ট জারী করেছে। তবে গত ১১ নভেম্বর ওয়ারেন্টের কাগজ আমাদের কাছে এসেছে। এ বিষয়ে বাদী পক্ষের লোকজনদের নিয়ে আসামিকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছি। তবে আসামিকে পাইনি। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, জুয়েল আরমান বিএনপি নেতা এটা জানি। তবে সে কি করে, কোন দলের রাজনীতি করে এটা কোন বিষয় নয়। বিজ্ঞ আদালত ওয়ারেন্ট জারী করেছে, আমরা সেই ওয়ারেন্ট তামিল করে তাকে গ্রেফতার করবো।
সম্প্রতি শ্রমিক আন্দোলন সহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে জুয়েল আরমানকে প্রকাশে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সে সময় ওয়ারেন্টের কাগজ আমরা হাতে পাইনি। এখন কাগজ পাওয়ার পর আমরা অভিযান শুরু করেছি।
তবে পুলিশের অভিযানের বিষয়টি অস্বীকার করেছে মামলার বাদী জুয়েল হাওলাদার। তিনি দেশকণ্ঠকে বলেন, আমি বা আমাদের কোন আত্মীয়স্বজনদের নিয়ে পুলিশের কেউ আসামিকে ধরতে অভিযানে যায়নি। এমন কোন ঘটনা ঘটেনি।
মতামত দিন