সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে মারধরে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে স্থানীয় লোকজনের মারধরে সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল বরিশাল জেলার বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ভারগাঁও নন্দীপুর এলাকার মো. আলীর বাড়িতে কবুতর চুরির সময় বাড়ির মালিক বিষয়টি টের পান। এ সময় তিনি চোর চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে সোহেলকে আটক করেন। পরে তাঁকে পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে মারধর করা হয়।
একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।
মতামত দিন