ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা দুই ট্রাকে ধাক্কা, নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দাঁড়িয়ে থাকা ২টি ট্রাকে ধাক্কা দেয় অপর ট্রাক। এতে দুজন ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী ডেলিগেটেড লেনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) ও একই জেলার ফজলু মাদবরের ছেলে মো. সুমন মিয়া (৪৪)। তারা দুজনই পেশায় ট্রাকচালক। আটককৃত ট্রাকচালক মো. রুবেল (৪২)। তার সাথে ট্রাকটি আটক করা হয়েছে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কে চট্টগ্রামগামী একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়ে। এ ঘটনা দেখে অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করার জন্য এগিয়ে আসে। বিকল হয়ে যাওয়া ট্রাকটি চেইন দিয়ে বাঁধার চেষ্টা করে। এ সময় চট্টগ্রামগামী আলুবোঝাই অন্য একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বিকল হওয়া ট্রাকের চালক ও উদ্ধারকারী ট্রাকের চালক উভয়ই ঘটনাস্থলে মারা যান।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাইম সিদ্দিক বলেন, দাঁড়িয়ে থাকা দুটি ট্রাককে একটি ট্রাক ধাক্কায় দেয়। এতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছি। সেই সাথে তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, আলু বোঝাই একটি ট্রাকের ধাক্কায় অপর দুই ট্রাকের চালক নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মতামত দিন