নারায়াণগঞ্জ

ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোটরসাইকেল যোগে এসে নান্টু মিয়া নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১ মে) রাতে পাগলা বাজার এলাকার আফসার করিম প্লাজার সামনে এ ঘটনা ঘটে। 

হামলার শিকার ওই ব্যবসায়ী নান্টু মিয়া আফসার করিম প্লাজা মার্কেটের মালিক। ঘটনাস্থ থেকে ব্যবসায়ীর গাড়ির ভাঙা কাচ পাওয়া যায়। 

প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী উত্তম আহমেদ জানান, “রাতে আফসার করিম প্লাজার মালিক আলহাজ্ব নান্টু মিয়া পাশের এক দোকান থেকে ফল কিনছিলেন। ফল কেনা শেষে তিনি প্রাইভেট কারে উঠতে গেলে দুই জন যুবক মোটরসাইকেল থেকে নেমে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি তিন রাউন্ড গুলি ছুড়েছে। ওই সময় নান্টু মিয়া তার প্রাইভেট কারে উঠে দ্রুত ফতুল্লার দিকে চলে যান। হামলার পর অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলে করে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।” 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি করেছে। এ ঘটনায় নান্টু মিয়া গুলিবিদ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com