নারায়াণগঞ্জ

রূপগঞ্জে কারখানার গ্যাসের লাইন বিস্ফোরণে ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল নামের একটি কারখানার গ্যাস লাইন বিস্ফোরণে আহত দুই নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

নিহতরা হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত মো. শফিকের ছেলে মো. আব্দুল হান্নান (৫০) এবং রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার মৃত রফিকের ছেলে কবির হোসেন (৪৫)। তারা দুজনই মঞ্জু টেক্সটাইল মিলের নিরাপত্তা কর্মী ছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ১ মে শ্রমিক দিবসে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় উচ্চ চাপে গ্যাসের মিটার বাস্ট হয়। সেখান থেকে আগুন ধরে যায়। এতে চার নিরাপত্তা প্রহরী দগ্ধ হন। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার লোকজনের সহায়তায় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, কারখানার কেউ মামলা করেনি। এ ঘটনার পর পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিহতদের পরিবার চাইলে মামলা নেওয়া হবে।

চিকিৎসক শাওন বিন রহমান বলেন, শরীরের ৫৩ শতাংশ দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন কবির। সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। এর আগের দিন রাত ২টা ৪০ মিনিটে আইসিইউতে মারা যান হান্নান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। সাইফুল ইসলাম (৩২) নামে আরও একজন চিকিৎসাধীন আছেন। তার শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে গত ১ মে সকালে মঞ্জু টেক্সটাইল বন্ধ থাকা অবস্থায় গ্যাসের অতিরিক্ত চাপে মিটার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তিন নিরাপত্তা কর্মী।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com