ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (৬) ও হাবিবুর (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। ফুটবল খেলার বল পানি থেকে তুলতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।
বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার কাঁচপুরের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বেহাকৈর নয়াপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে জুনায়েদ (৬) ও একই এলাকার হানিফ মিয়ার ছেলে হাবিবুর (৮) ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড় টার দিকে ওই এলাকায় ফুটবল নিয়ে খেলার সময় শিশুদের বল পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। সেই বল পানি থেকে তুলতে পুকুরে নেমে দুই শিশু ডুবে যায়। এক নারী এ ঘটনা দেখতে পেয়ে তাদের পরিবারকে বিষয়টি জানান। পরে আশপাশের লোকজন ও শিশুদের স্বজনরা তাদের উদ্ধার করে কাঁচপুরের মর্ডান হাসপাতাল নিয়ে যায়। এ সময় তাদের অবস্থার অবনতি দেখে ওই হাসপাতালে ভর্তি না নিয়ে অন্য হাসপাতালের নেওয়ার পরামর্শ দেয় চিকিৎসকরা। এরপর মদনপুরের একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শিশু হাবিবুরের বাবা হানিফ মিয়া জানান, দুপুর ১টার দিকে একটি বল নিয়ে বাড়ীর পাশেই আমার ছেলেসহ শিশুরা ফুটবল খেলছিল। দুপুর দেড়টার দিকে আমাদের বাড়ীর পাশেই এক প্রতিবেশী নারী ওই মাঠের পাশে একটি পুকুরে দুই শিশুর লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর লাশ পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বাংলা ট্রিবিউনকে বলেন, খেলতে গিয়ে পুকুরের পানিতে বল পড়ে যায়। সেই বল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। এখন পর্যন্ত এ বিষয়ে নেতিবাচক কোন অভিযোগ বা তথ্য পাইনি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন