৮০ বছরের পুরনো মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বন্দর উপেজলার এই মন্দির তিনি পরিদর্শন করেন।
জেলা প্রশাসন কর্তৃক প্রেরিত এক বিবৃতিতে জানা গেছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপেজলাধীন ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি
প্রতিমা তৈরির বিষয়ে খোঁজখবর নেন এবং যেকোনো প্রতিবন্ধকতা দূরীকরণে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি পূজামন্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দর্শণার্থীরা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা উপভোগ করতে পারে সে ব্যাপারে দিক-নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, এ বছর শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলায় ২২৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে সদর উপজেলায় ৭৯টি, বন্দর উপজেলায় ২৯টি, সোনারগাঁয়ে ৩৫টি, আড়াইহাজারে ৩৬টি এবং রূপগঞ্জে ৪৪ টি।
এর আগে নির্বিঘ্নে পূজা উদযাপনে নিশ্চিতের লক্ষ্যে গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় পূজা মন্ডপগুলোতে নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বারোপ করা হয়। এর পাশাপাশি দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সকল রকম প্রস্তুতি থাকবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক।
মতামত দিন