রূপগঞ্জে ফিল্মি স্টাইলে মোটরসাইকেল ছিনতাই, আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিল্মি স্টাইলে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ইমতিয়াজ ওরফে লিমন ওরফে রিমন (২০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে গাজীপুরের কাশিমপুর বারেন্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ছিনতাই হওয়া মোটরসাইকেল সহ ছিনতাইকারীর অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলেন-ইমতিয়াজ ওরফে লিমন ওরফে রিমন (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর ভুক্তভোগী জিসান (১৮) মিরপুর হতে একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল ক্রয় করে। পরে দিবাগত রাত দেড়টায় রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট গোল চত্বর এলাকায় ভিকটিম ও তার বন্ধু ফয়সাল (২২) তাদের নিজেদের মোটরসাইকেল যোগে বেড়ানোর উদ্দেশ্যে আসে। কিছু সময় ছবি তুলে আড্ডা দেওয়ার পর ভিকটিম ও তার বন্ধু ফয়সাল তাদের গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। তবে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় দিয়ে যাওয়ার সময় পেছন থেকে দুটি অজ্ঞাত মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ৩ জন দুষ্কৃতিকারী ভিকটিম জিসানের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো দা দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কোপ মারে। এতে তার হাতের আঙুল, কব্জি ও মাথা কেটে রাক্তাক্ত জখম হয়। এ সময় ছিনতাইকারীরা ভিকটিম জিসানের আইনফোন-১৪ প্রো ম্যাক্স মোবাইল, মোটরসাইকেল নিয়ে ৩০০ ফিটের দিকে পালিয়ে যায়। পরে ভিকটিম জিসান জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এদিকে ঘটনাস্থলের আশেপাশে থেকে ভিকটিমের মোটরসাইকেল সহ আসামিদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে অভিযান চালিয়ে গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ৩ টার দিকে গাজীপুরের কাশিমপুর বারেন্ডা এলাকা থেকে আসামি ইমতিয়াজ ওরফে লিমন ওরফে রিমন কে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত ইমতিয়াজ জানায়, তার সাথে ছিনতাইকারী চক্রের আরও দুই সদস্য রয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, আড়াইহাজারের ভুলতা গাউছিয়া-আড়াইহাজার গামী সড়কের বিনাইরচর সেতুর পশ্চিম পাশের রাস্তার একপাশ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং উক্ত মামলার মূল ঘটনাস্থল রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দা উদ্ধার করা হয়।
মতামত দিন