ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়লো ট্রাক, নিহত ১
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে ঝুলে পড়ে। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে মোহর উদ্দিন (৩৫) নামে একজন রিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভূঁইঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহর উদ্দিন (৩৫) পেশায় একজন রিকশা চালক। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর এলাকার একটি ওভারপাসের উপর দিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে নিচের দিকে ঝুলে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে মোহর উদ্দিন নামে এক রিকশা চালক আটকা পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পরে ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যান। এছাড়া ট্রাকে থাকা আরও কয়েকজন ব্যক্তি আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় মোহর উদ্দিন নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বিকেল সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, এ ঘটনায় মোহর নামে এক ব্যক্তি মারা গেছে। এছাড়া আর কেউ আহত হওয়ার তথ্য এখনো পাইনি। সড়ক থেকে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাক চালক সহ তার সহযোগী পালিয়ে গেছে। তাদেরকে আটক করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন