পিআর পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয় : ড. মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, পিআর পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। দেশের মানুষ ‘ওয়ান ম্যান, ওয়ান ভোট’ পদ্ধতিতে ভোট দিতে অভ্যস্ত।”রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পিআর পদ্ধতি সম্পর্কে দেশের অধিকাংশ মানুষের ধারণা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘পিআর পদ্ধতি সম্পর্কে দেশের অধিকাংশ মানুষের স্পষ্ট ধারণা নেই। বাংলাদেশের মানুষ গত ১০০ বছর ধরে সৎ, যোগ্য ও নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসছে। কিন্তু পিআর পদ্ধতিতে ভোট হলে ভোটাররা জানবে না তারা কাকে ভোট দিচ্ছে। তারা জানবে কোন দলকে ভোট দিচ্ছে। তাই দলকে ভোট দিয়ে মানুষ কখনোই সন্তুষ্ট হতে পারবে না।’
এ দেশে সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে হাজার বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে বসবাস করে আসছে। এ দেশের মানুষের বৈশিষ্ট্য হলো ভালোবাসা। আবেগের জায়গায় ভালোবাসা প্রবল থাকায় আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেছি এবং ভবিষ্যতেও করব।”
খাগড়াছড়িতে চলমান উত্তাল পরিস্থিতি প্রসঙ্গে ড. মঈন খান বলেন, “পাহাড়ে ও সমতলে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকতে পারে না। বিএনপি জনগণের মধ্যে কোনো বৈষম্য বা বিভেদে বিশ্বাস করে না। এই বৈষম্য দূর হলে শান্তি ফিরে আসবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শংকর কুমার, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদসহ প্রমুখ।
মতামত দিন