জাতীয়

সাংবাদিক হায়াত হত্যার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

বাগেরহাটে সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল (৫০) কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সোঁনারগাও বৈদ্যর বাজার এলাকা থেকে র‍্যাব-৬ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১'র অপস অফিসার গোলাম মোর্শেদ।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকে ইস্রাফিল আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। 

এর আগে গত ৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালী এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন স্থানীয় পত্রিকা দৈনিক ভোরের চেতনা-এর স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিন (৪২)।

হঠাৎ একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার দুই দিন পর, নিহত সাংবাদিকের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেন। মামলায় স্থানীয় মো. ইস্রাফিল মোল্লাসহ ৫–৬ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০–১২ জনকে আসামি করা হয়।

পুলিশ ও ডিবির যৌথ অভিযানে প্রথমে ঢাকার আশুলিয়া এলাকা থেকে ওমর ফারুক ও আশিকুল ইসলাম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, যেখানে তারা জানায়— স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি ও ইস্রাফিলের নির্দেশে তারা হত্যায় অংশ নেয়।

এরপর থেকেই প্রধান আসামি ইস্রাফিল পলাতক ছিলেন। বাগেরহাট জেলা পুলিশের অনুরোধে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অবশেষে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এর বৈদ্যর বাজার এলাকায় তাকে গ্রেপ্তার করে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com