নারায়াণগঞ্জ

বন্দরে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে পারভেজ (৩৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে বন্দর উপজেলার ২৬ নং ওয়ার্ডের সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের এসও এলাকার তারা মিয়ার ছেলে। তবে সম্প্রতি তিনি স্ত্রীকে নিয়ে বন্দরের সোনাচোরা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত থেকে ভোর পর্যন্ত মেসবাহউদ্দিন ওরফে মেছের আলী তার ছেলেকে সঙ্গে নিয়ে পারভেজকে আটক করে বেধড়ক মারধর করেন। পরে সকাল আনুমানিক ৭টার দিকে পারভেজের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত পারভেজের স্ত্রী খাদিজা বেগম বলেন, আমার স্বামীকে বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদের ভাই মেছের আলী গত রাতে (রবিবার) বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাদের নির্মাণাধিন ভবনের পিলারের সাথে বেধে মেছের আলী ও তার ছেলে মাহিন সহ তাদের আরও ৫ থেকে ৬ জন মিলে চোর আখ্যা দিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে।

এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বাংলা ট্রিবিউন কে বলেন, ওই এলাকার লোকজনের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কি কারনে এবং কারা তাকে মারধর করেছে তা এখনো জানা যায়নি। তদন্ত করে বলা সম্ভব হবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com