বিকেএমইএ সভাপতি হাতেমকে
নারায়ণগঞ্জে বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ী ও তার অনুসারীরা।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামী পেশাজীবী ফোরামের জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ও পরিবেশ শান্ত করে।
অবরুদ্ধ হওয়া আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব।
পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা যায়, রাত ৮টা পর্যন্ত বিসিকের এক নম্বর গেট এলাকার একটি পোশাক কারখানার ভেতর অবরুদ্ধ করে রাখা হয় আব্দুল্লাহ আল আমিনকে। কারখানাটির বাইরে হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। পুলিশ রাত ৮টা ৫ মিনিটে আব্দুল্লাহ আল আমিনকে উদ্ধার করে গাড়িতে তুলে নিরাপদে নিয়ে যায় পুলিশ। কারখানাটির বাইরে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদকেও তার অনুসারীদের নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
অবস্থান নেওয়া ব্যবসায়ীদের মধ্যে বিসিক মালিক সমিতির পরিচালক কবির হোসেন ভ‚ঁইয়া বলেন, ‘আমরা জামায়াতের দাওয়াতে এসেছি। অনুষ্ঠানে এমপি কাকে ফ্যাসিস্টের দোসর বলেছেন, তা আমরা জানতে চাই। আমরা সে কারণে অবস্থান নিয়ে আছি।’ তবে স্বেচ্ছাসেবক দলের রাসেল গণমাধ্যমে কথা বলতে চাননি।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, ইফতার মাহফিলে মঞ্চে বসে রয়েছেন বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম। এ সময় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন মোহাম্মদ হাতেম কে উদ্দেশ্য করে বলেন, ‘ফ্যাসিস্টের দোসর এখানে থাকার কারণে আমি এখানে বসতে পারছিনা, আমি দুঃখিত।’ এসব কথা শুনে বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম ইফতার মাহফিল বর্জন করে স্থান ত্যাগ করেন। এতে তার অনুসারী ও ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে সংসদ সদস্য আল আমিনকে অবরুদ্ধ করে রাখে ও বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, আজ একটি ইফতার অনুষ্ঠানে আমি বিকেএমইএ’র সভাপতি হাতেমকে স্বৈরাচারের দোসর বলে সম্মোধন করায় তার লোকজন আমাকে অবরুদ্ধ করে রেখেছিল। পরে পুলিশ প্রশাসনের লোকজন গিয়ে প্রায় দুই ঘণ্টা পর আমাকে উদ্ধার করেছে।
এ বিষয়ে জানাতে বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেমের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সংসদ সদস্য আল আমিন অবরুদ্ধ হয়েছিলেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
মতামত দিন