আড়াইহাজার থানা থেকে পলাতক আসামি ইসমাঈল গ্রেফতার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা প্রাঙ্গণ থেকে কৌশলে পালিয়ে যাওয়া এক আসামিকে অবশেষে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে আড়াইহাজার উপজেলার উচিৎপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা
গেছে, আড়াইহাজার থানাধীন খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা বিল্লাল
হোসেন গত ২৯ মার্চ ২০২৬ তারিখে ১৩ জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি মামলা
দায়ের করেন। মামলাটি নং-৩১ হিসেবে রুজু করা হয় হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা
হিসেবে দায়িত্ব পান থানার এসআই অজিত চন্দ্র বর্মন।
মামলার এজাহারভুক্ত
৫ নম্বর আসামি ইসমাঈল (৩০), পিতা হাবিবুল্লাহ, বাড়ি চর কমলাপুর, ৩০ মার্চ বিকেল
আনুমানিক ৪টা ৪০ মিনিটে আড়াইহাজার থানায় উপস্থিত হন। তবে থানায় এসে নিজের বিরুদ্ধে
মামলা হয়েছে জানতে পেরে তিনি কৌশলে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যান।
ঘটনাটি জানাজানি
হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় পুলিশ। আড়াইহাজার থানার অফিসার
ইনচার্জ মো. আলাউদ্দিন পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। একই সঙ্গে
একাধিক টিম গঠন করে অভিযান শুরু করা হয়।
পরবর্তীতে বিষয়টি
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নজরে এলে তিনি ‘সি
সার্কেল’-এর সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামকে ঘটনার সত্যতা যাচাই এবং আসামি
গ্রেফতারের নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায়
৩১ মার্চ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক
দল অভিযান চালিয়ে উচিৎপুর বাজার এলাকা থেকে পলাতক আসামি ইসমাঈলকে গ্রেফতার করতে
সক্ষম হয়।
পুলিশ জানায়,
গ্রেফতারকৃত আসামিকে ১ এপ্রিল সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মতামত দিন