নারায়াণগঞ্জ

ডিএনডি এলাকার জলাবদ্ধতা দূর করতে নতুন প্রকল্পের দাবি


ফতুল্লা প্রতিনিধি 


ডিএনডি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন একটি সমন্বিত প্রকল্প গ্রহণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।


সম্প্রতি জাতীয় সংসদে এ বিষয়ে নোটিশ দিয়ে তিনি বিষয়টিকে জনগুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়-এর দৃষ্টি আকর্ষণ করেন। সংসদের স্পিকারের মাধ্যমে দেওয়া এ নোটিশে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংসদ সদস্য জানান, ডিএনডির আওতাধীন ফতুল্লা অঞ্চলে বছরের অধিকাংশ সময়ই সড়ক পানির নিচে থাকে। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ চরম আকার ধারণ করে, ফলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়।

তিনি উল্লেখ করেন, ২০১৭ সালে একনেকের অনুমোদনে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যার মেয়াদ ২০২৪ সালে শেষ হওয়ার কথা। কিন্তু নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রকল্পটির দৃশ্যমান সুফল এখনও এলাকাবাসী পায়নি।

এ প্রেক্ষিতে এমপি আল আমিন বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পানি নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা নিশ্চিত করে একটি নতুন ও কার্যকর প্রকল্প গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, “এটি জনস্বার্থ সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্রুত উদ্যোগ নেওয়া হলে এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।”

গত ২ এপ্রিল সংসদে নোটিশটি উত্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। স্থানীয়রা আশা করছেন, নতুন প্রকল্প বাস্তবায়ন হলে ডিএনডি এলাকার স্থায়ী জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব হবে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com