নারায়াণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গ্রিল কেটে ডাকাতি: পরিবারকে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট



সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়ি গ্রিল কেটে পরিবারের সদস্যদের বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল ) ভোররাতে আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সীমা ডাইং সংলগ্ন মঞ্জিল মোরশেদ নামের এক ব্যক্তির পাকা বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।

ডাকাতরা বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল আনুমানিক ৭ থেকে ৮ জন। তারা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ দেড় থেকে দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে রাতে কল করে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো মালামাল উদ্ধার কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com