নারায়াণগঞ্জ

বন্দরে শাহ সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা, অল্পের জন্য রক্ষা



 বন্দর প্রতিনিধি 

​নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নাসিক ২১ নং ওয়ার্ডের কল্যাণদী এলাকায় শাহ সিমেন্টের একটি সিমেন্টবাহী গাড়ি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ও যাত্রীবাহী ইটটানা লেগুনায় ধাক্কা দিয়েছে। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৬:৩০ ঘটিকায় মদনপুর-মদনগঞ্জ পাকা সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে ঢাকা মেট্রো-উ ১১-২৩৭৪ নাম্বারের শাহ সিমেন্টের একটি গাড়ি মদনগঞ্জ অভিমুখে যাওয়ার সময় কল্যাণদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এসময় গাড়িটি রাস্তার পাশে থাকা একটি লেগুনাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয় এবং স্থানীয় ব্যবসায়ী মো: রুবেলের দোকানের সামনে থাকা আনুমানিক ১০,০০০ ইটের স্তূপের ওপর উঠে গিয়ে দোকানে সজোরে ধাক্কা লাগে।



​ভুক্তভোগী দোকান মালিক মো: রুবেল (পিতা: আমানুল্লা, সাং: এনায়েতনগর) জানান, এই আকস্মিক সংঘর্ষে তার দোকানের কাঠামো এবং সামনের মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসেব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে অলৌকিকভাবে এই ঘটনায় কোনো প্রাণহানির সংবাদ পাওয়া যায়নি।

​ঘটনার পর স্থানীয় জনতা ও শাহ সিমেন্টের নিজস্ব ব্যবস্থাপনায় উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর খাদে পড়ে যাওয়া লেগুনাটি উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে উক্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

​মীমাংসার খবর: ঘটনার পর শাহ সিমেন্টের ট্রান্সপোর্ট ইন্সপেক্টর মাহবুব খান রাজু ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের সাথে কথা বলেন। জানা গেছে, উভয় পক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে নিয়েছেন।


​এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে স্থানীয়রা ব্যস্ততম এই সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com