১০ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ডিআইএফই কার্যালয় ঘেরাও
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে শ্রমিকরা শহরে মিছিল বের করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) নারায়ণগঞ্জ কার্যালয় ঘেরাও করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক আল আমিন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফতন্টের সভাপতি মোঃ সেলিম মাহমুদ, হাসনাত কবির, সাইফুল ইসলাম শরীফ, রুহুল আমিন সোহাগ এবং মোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, জে.এম নীটওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বাংলাদেশ শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করা হচ্ছে না, সময়মতো বেতন প্রদান করা হয় না, বাৎসরিক ছুটি ও ইনক্রিমেন্ট দেওয়া হয় না এবং মাতৃত্বকালীন ছুটিও বঞ্চিত করা হচ্ছে।
এছাড়া ইস্তফা দিলে আইনানুগ পাওনা না দেওয়া, বেআইনিভাবে চাকরিচ্যুতি, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা সুবিধার অভাব এবং শ্রমিকদের ওপর দমন-পীড়নের অভিযোগও তুলে ধরেন তারা।
নেতৃবৃন্দরা জানান, গত ২ ফেব্রুয়ারি মালিকপক্ষের কাছে ১০ দফা দাবিনামা প্রদান করা হয়। পরে ২২ ফেব্রুয়ারি বিষয়টি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)-এ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সমাবেশ থেকে দ্রুত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ১৩ এপ্রিল সোমবার সকাল ১১টায় ত্রিপক্ষীয় গণশুনানির মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, শ্রমিকদের আন্দোলনের বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। যত দ্রুত সম্ভব তাদের ন্যায্য দাবী ও মালিক পক্ষের সাথে বসে সমস্যা সমাধানের পদক্ষেপ নেয়া হচ্ছে।
মতামত দিন