মাদক দমনে এমপি আল-আমীনের কড়া বার্তা!
রোববার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে টানা তিন ঘণ্টাব্যাপী এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ঝুট ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষ এবং জনদুর্ভোগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় এমপি আব্দুল্লাহ আল আমিন উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। বিশেষ করে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং মাদক ব্যবসায়ীদের সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি বলেন, এসব বিষয় আমরা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছি এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছি।”
তিনি জানান, মাদক নির্মূলে ইতোমধ্যে র্যাব, বিজিবি ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়েছে। তবে এই কার্যক্রমকে আরও শক্তিশালী ও সমন্বিত করতে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজনৈতিক পরিচয়ে অপরাধ করে পার পাওয়ার সংস্কৃতি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কেউ কোনো দলের নাম ব্যবহার করে অপরাধ করে রেহাই পাবে না। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে।”
এদিকে জনদুর্ভোগের বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়। ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকারের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিষয়টি তুলে ধরে এমপি বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তর ইতোমধ্যে সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণের অনুমোদন দিয়েছে, যা বাস্তবায়নে প্রায় তিন মাস সময় লাগবে।
তিনি আরও বলেন, ফুটওভার ব্রিজ নির্মাণ শেষ হওয়ার আগেই অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে দ্রুত স্পিড ব্রেকার স্থাপন করা জরুরি। প্রতিদিনের দুর্ঘটনা মানুষের জীবনের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
সভা শেষে এমপি আশাবাদ ব্যক্ত করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা গেলে নারায়ণগঞ্জে শান্তি-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।
মতামত দিন